টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম

by Fatih Work

দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো কমানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই নতুন দর নির্ধারণ করেছে।

শনিবার (১৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানিয়েছে, সবশেষ তিন দফায় স্বর্ণের দাম ভরিতে মোট ৮ হাজার ১৬৫ টাকা কমানো হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন
banner

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। এর আগে সবশেষ গত ১৩ মার্চ স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ২৬ বার এবং কমেছে ১৭ বার। গত ২০২৫ সালেও বাজার অস্থির ছিল এবং মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। প্রতি ভরিতে ২৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা ধরা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১১ বার কমানোর সিদ্ধান্ত এল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম নিয়মিত সমন্বয় করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222