ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানিকে অশ্রু সিক্ত নয়নে বিদায় জানিয়েছে ইরানিরা।
শনিবার (১৫ মার্চ) রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। উত্তর তেহরানের ঐতিহাসিক ইমামজাদে সালেহ মাজারে অনুষ্ঠিত এই জানাজায় দেশটির সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সাধারণ মানুষের ঢল নামে। জানাজা শেষে মাজার চত্বরেই তাকে সমাহিত করা হয়।
দীর্ঘ রাজনৈতিক ও সামরিক ক্যারিয়ারে আলী শামখানি ইরানের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ৭০ বছর বয়সী এই সাবেক রেভল্যুশনারি গার্ড কমান্ডারকে গত বছর ইরান-ইসরায়েল যুদ্ধের পর স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। উল্লেখ্য, সে সময় তেহরানে চালানো একটি বড় ধরনের প্রাণঘাতী হামলা থেকে তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। এরপরই তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আলোচনায় আসেন।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর চালানো একটি বড় আকারের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি প্রাণ হারান আলী শামখানি। তার মৃত্যুতে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জানাজায় অংশগ্রহণকারীরা শামখানির স্মরণে শোক প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
টিএইচএ/
