বকশীগঞ্জে চুরি ও জ্বালানি সংকটের প্রতিবাদে সর্বস্তরের জনতার মানববন্ধন

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোভ্যান চুরির হিড়িক এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় জনতা।

রোববার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ে ‘বকশীগঞ্জ সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে বকশীগঞ্জ পৌর এলাকা ও এর আশপাশে আশঙ্কাজনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের আয়ের প্রধান উৎস অটোরিকশা ও ভ্যান চুরির ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। শহরে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর শনাক্ত বা মালামাল উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বিজ্ঞাপন
banner

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন। তিনি তার বক্তব্যে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের তীব্র সমালোচনা করে বলেন, বকশীগঞ্জে এখন পর্যন্ত অসংখ্য চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো চোরকে আটক করতে পারেনি। ডিজিটাল নিরাপত্তার দোহাই দিয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। তিনি প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে জানান, দ্রুততম সময়ের মধ্যে চোরদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে থানা ঘেরাও ও অবস্থান কর্মসূচির মতো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে স্থানীয় জনতা। এছাড়া জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ চালক ও কৃষকদের ভোগান্তিতে ফেলার পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিমসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ। বক্তারা বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষ কিস্তি তুলে রিকশা বা ভ্যান কেনেন, যা চুরি হয়ে যাওয়ায় পরিবারগুলো পথে বসছে। অবিলম্বে চুরি হওয়া যানবাহন উদ্ধার এবং অপরাধী চক্রকে গ্রেপ্তারের দাবি জানান তারা। মানববন্ধনে ভুক্তভোগী অটোরিকশা ও ভ্যান চালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ একাত্মতা পোষণ করে অংশ নেন। কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222