বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

by Abid

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ আইজিপির তিন তলা ভবনের বিদ্যুতের সার্ভিস তার কেটে নিয়ে যায় চোরেরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং স্থানীয় প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশের পুলিশ প্রধানের বাড়িতে চুরির ঘটনায় বাগেরহাট জেলা পুলিশ ও প্রশাসন নড়েচড়ে বসেছে। অপরাধীদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক বিশেষ টিম ইতোমধ্যে মাঠে নেমেছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চারদিকের অন্ধকারের সুযোগ নিয়ে চোরচক্র আইজিপির বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকলেও কৌশলে তা এড়িয়ে দুর্বৃত্তরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল দামী তামার তার কেটে নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য অর্ধলক্ষাধিক টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশের ধারণা, চুরি করা তারগুলো কোনো ভাঙারি দোকানেই বিক্রি করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এই ন্যাক্কারজনক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইজিপির বাড়িতে এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং কারা এই চুরির সঙ্গে জড়িত তা বের করার জন্য চিরুনি অভিযান চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ কারিগরি তথ্যের ভিত্তিতে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে ওই বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222