পটিয়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

by Fatih Work

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ও একটি বাসের নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় বাঁশি মোহন দাশ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাঁশি মোহন দাশ লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন
banner

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সড়কের পাশে খড়ে আগুন দেওয়ার ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ঈগল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারে ধাক্কা দিলে সেটিও দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের মধ্যে মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯) ও তাহের (৪৬)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত তিনটি যানবাহন সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং সড়কের পাশে খড়ে আগুন দেওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222