উত্তরে ফাঁকা সড়কে স্বস্তির ঈদযাত্রা

by Abid

নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে উত্তরবঙ্গের পথে যাত্রা শুরু করেছেন হাজার হাজার মানুষ।

বুধবার (১৮ মার্চ) ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের ব্যাপক চাপ থাকলেও কোথাও কোনো যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। গত কয়েক বছরের তুলনায় এবার মহাসড়কে যানবাহনের গতি স্বাভাবিক থাকায় যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, যাত্রীবাহী বাসের পাশাপাশি অনেকেই খোলা ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে করে নিজ গন্তব্যে ফিরছেন।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল মোড় হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৪৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বেশ কয়েকটি লেন চলাচলের জন্য খুলে দেওয়ায় এবার ঈদযাত্রা সহজতর হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসচালক রহমান জানান, অন্য বছর এই পথটুকু পার হতে দীর্ঘ সময় লাগলেও এবার কোনো যানজট নেই। সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১১টার মধ্যেই তিনি সিরাজগঞ্জ পৌঁছাতে পেরেছেন। মহাসড়কে শৃঙ্খলা থাকায় চালক ও যাত্রী উভয়ই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দিনাজপুরগামী যাত্রী আশরাফুল ইসলাম জানান, প্রতিবছর ঈদে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এবার মহাসড়কের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ আরও বেড়ে গেছে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের দুর্ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222