পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এই প্রধান জামাতে ইমামতি করবেন এবং বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সর্বশেষ ও পঞ্চম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন এবং চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী ইমামতি করবেন।
ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া কোনো কারণে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমের পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সুবিধাজনক সময়ে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
টিএইচএ/
