৪০ দিন জামাতে নামাজ ও রোজা রাখায় বাইসাইকেল পুরস্কার পেল তাজিন

by Abid

শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আগ্রহী করে তুলতে লালমনিরহাটের হাতীবান্ধায় এক ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪০ দিন জামাতের সঙ্গে নিয়মিত নামাজ আদায় ও রোজা পালন করে এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি নতুন বাইসাইকেল জিতে নিয়েছে তাজিন ইসলাম নামে এক কিশোর।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকায় রেললাইনের পার্শ্ববর্তী একটি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সফলভাবে অংশ নেওয়া মোট ৪০ জন শিশু-কিশোরকে তাদের নিষ্ঠা ও পারফরম্যান্স অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মসজিদ কমিটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে হাতীবান্ধা টিটিসির অধ্যক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বাবু বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয় রোধে এবং ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, কোমলমতি শিশুদের সঠিক পথে পরিচালিত করতে ভবিষ্যতেও এমন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবেন।

পুরস্কার হিসেবে  বাইসাইকেল হাতে পেয়ে উচ্ছ্বসিত কিশোর তাজিন ইসলাম জানায়, সে প্রতিদিন নিয়ম মেনে জামাতের সঙ্গে নামাজ পড়েছে এবং পবিত্র রমজানের রোজাগুলো পালন করেছে। এই অর্জন তাকে ভবিষ্যতে ধর্মীয় কাজে আরও অনুপ্রাণিত করবে। তাজিনের বাবা রফিকুল ইসলাম এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, তার ছেলে টানা ৪০ দিন নিষ্ঠার সঙ্গে নিয়ম পালন করেছে, যা তার চারিত্রিক গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয়রা মনে করছেন, শিশুদের স্মার্টফোন আসক্তি কমিয়ে সুস্থ ও সুন্দর চরিত্র গঠনে এমন আয়োজন দেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222