মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনের (OIC) কাঠামোর মধ্যেই ইমারাতে ইসলামিয়া (ইসলামিক এমিরেট)–কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যাচাই-বিচার করছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ তিনি উল্লেখ করেছেন, যেকোনো সিদ্ধান্ত আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করবে। এতে অন্তর্ভুক্ত রয়েছে—ন্যায়বিচার নিশ্চিত করা, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী জানান, তিনি ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ–এর সঙ্গে আলোচনায় বসেছেন। আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির বিষয় গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টাকে মালয়েশিয়া সমর্থন করছে, যেখানে তুরস্ক, কাতার ও সৌদি আরব নেতৃত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী সম্প্রতি আফগানিস্তান ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ আফগানিস্তান ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সূত্র: টোলো নিউজ
অনুবাদ: আতাউল্লাহ নাবহান
হাআমা/
