সারা দেশে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে হামের টিকাদান কর্মসূচি।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে হাম টিকা কার্যক্রম ও সমসাময়িকভাবে দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী জানান, দেশের ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় আসবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী এই কার্যক্রম একযোগে চলবে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এবারের ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি শিশু এক ডোজ করে টিকা পাবে। টিকার সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘গাভি’ (GAVI) থেকে এই টিকাগুলো সংগ্রহ বা ঋণ হিসেবে নেওয়া হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে মন্ত্রী কঠোর নির্দেশনা প্রদান করেন। সময়মতো শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
টিএইচএ/
