আফগানিস্তানের ২০টি প্রদেশে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৭ জন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় কাবুলসহ বিভিন্ন অঞ্চলে চার শতাধিক বসতবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ কৃষি জমি এবং কয়েক ডজন কিলোমিটার সড়ক যোগাযোগ ব্যবস্থা পানির তোড়ে ধ্বংস হয়ে গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হামাদ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী কাবুল, কাপিসা, পারওয়ান, পাঞ্জশির, পাকতিয়া, পাকতিকা, খোস্ত, লোয়ার, ময়দান ওয়ার্দাক, জাবুল, উরুজগান, ঘোর, বাদঘিস, সামাঙ্গান, সার-ই পোল, ফারিয়াব, বাঘলান, বাদাখশান, কুনার এবং লাঘমান প্রদেশে বন্যা ও বৃষ্টিপাতে এই হতাহতের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন কাজ করছে। এদিকে পরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয়ের আওতাধীন আবহাওয়া অধিদপ্তর দেশের পূর্ব, উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি জানান, এসব এলাকায় ১০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে অর্থনীতি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল লতিফ নাজারি জানিয়েছেন, তারা আন্তর্জাতিক সংস্থা ও জাতীয় ব্যবসায়ীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছেন যাতে দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হয়। উল্লেখ্য, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী গত ২৬ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
তথ্যসূত্র:টোলো নিউজ
টিএইচএ/