আসন্ন পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য জানান। ভারতে ইলিশ রফতানি প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকার বাণিজ্যিকভাবে কোনো ইলিশ রফতানি করে না। প্রতি বছর প্রতিবেশী দেশ ভারতে যা পাঠানো হয়, তা মূলত সৌজন্যমূলক উপহার হিসেবে গণ্য। এবারও এই ধারা অব্যাহত থাকবে কি না, তা প্রধানমন্ত্রীর নির্দেশনার ওপর নির্ভর করছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ইলিশ সম্পদ সংরক্ষণ ও এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ শুরু হতে যাচ্ছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে। এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে চাঁদপুরে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী দেশের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এই সময়ে সাগরের মোহনা থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত প্রশাসনের কঠোর নজরদারি চলবে। ইলিশের সরবরাহ বাড়াতে পারলে সাধারণ মানুষের নাগালে এর দাম চলে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণের সময়ে জেলেদের জীবনমান রক্ষায় প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান করবে সরকার। এই সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। সরকার ইলিশের উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে এবং জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে সভায় জানানো হয়। ইলিশের প্রজনন ও বৃদ্ধির স্বার্থে মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
টিএইাচএ/
