অনলাইন জুয়ার ক্রমবর্ধমান ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গ্রীন পার্টির সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহারের ফলে অনলাইন জুয়া আজ সমাজের জন্য এক নীরব মহামারীতে পরিণত হয়েছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
আজ (২২ এপ্রিল ২০২৬, বুধবার) রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুরস্থ বায়তুস সালাম জামে মসজিদে আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘অনলাইন জুয়ার মরণফাঁদ: সামাজিক সচেতনতায় ইমাম ও খতিবদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দীন জাহাঙ্গীর আরও বলেন, স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইন জুয়ার বিস্তার দ্রুত বেড়েছে। এটি শুধু ব্যক্তিগত আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে ইমাম-খতিবদের এগিয়ে আসতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকিজ-মনোয়ারা ট্রাস্টের শরিয়া এডভাইজর মুফতি শফিউল্লাহ, আকিজ ভেঞ্চার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এবং জামিয়াতুস সুন্নাহর পরিচালক মুফতি আকরাম হুসাইন।
বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হারাম নয়, বরং এটি সামাজিক ও অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক। তারা ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানান, যেন তারা নিয়মিত খুতবা, বয়ান ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এ বিষয়ে জনগণকে সচেতন করেন।
সেমিনারে আরও বলা হয়, বিশেষ করে তরুণ সমাজকে এই মরণফাঁদ থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, ইমাম-খতিব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
