বশির আহমদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান ঢাকা বিভাগের মধ্যে সেরা স্ক্রিনিং পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন। তার এই অনন্য অর্জনে জেলাজুড়ে ব্যাপক প্রশংসা ও সুনাম ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ডা. মিজানুর রহমানের দূরদর্শী নেতৃত্বে এই সাফল্যের মাধ্যমে নরসিংদী জেলার সরকারি স্বাস্থ্যসেবার মান আরও একধাপ এগিয়ে গেল। মূলত প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নারীদের ক্যানসার ঝুঁকি হ্রাসে বিশেষ ভূমিকার জন্য তাকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, “ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি” বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়। এই কর্মসূচিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী পরিচালিত হচ্ছে। সম্প্রতি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নরসিংদী জেলা হাসপাতালের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা, নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসার প্রতিরোধে সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ফলস্বরূপ এই পুরস্কার অর্জিত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ অত্যন্ত জরুরি। নরসিংদী জেলা হাসপাতাল নিয়মিতভাবে অত্যন্ত দক্ষতার সাথে এই স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করতে সক্ষম হয়েছে। এই অভাবনীয় অর্জনে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন জেলাবাসী। ডা. মিজানুর রহমান ভবিষ্যতে এই জনবান্ধব ও আধুনিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করার এবং ক্যানসারমুক্ত সমাজ গঠনে নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
টিএইচএ/
