সারাদেশে খুন, গুমসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে বিশাল মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক কবরী রোড, কলেজ মোড়, কোট মোড় ও শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টাউন মাঠে গিয়ে শেষ হয়।
গণমিছিলের আগে টাউন মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমীন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে সারাদেশে সংগঠিত সব রাজনৈতিক হত্যাকাণ্ড ও গুমের সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। একই সাথে জনগণের ম্যান্ডেট বা আকাঙ্ক্ষা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় রাজপথে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জোটের নেতারা।
টিএইচএ/
