মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে ‘ক্রয় ও মালিকানায় নেওয়ার’ পরিকল্পনা প্রকাশ করেছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) ট্রাম্প তার একটি বিস্ফোরক মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র গাজাকে এক বিশাল রিয়েল এস্টেট প্রকল্প হিসেবে দেখছে এবং তিনি গাজাকে মার্কিন মালিকানায় নেওয়ার কথা ভাবছেন।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ওখানে এখন আর কিছুই নেই, পুরো জায়গাটিই ধ্বংসস্তুপ। এখন আমরা এটির মালিকানা নেবো এবং নিশ্চিত করবো যে হামাস যেন আর ফিরে আসতে না পারে।” তিনি দাবি করেন, গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আর সেখানে ফিরে যেতে চান না এবং যদি তাদের অন্য কোনো নিরাপদ স্থান দেওয়া হয়, তবে তারা গাজায় ফিরে আসতে চাইবেন না।
ট্রাম্পের এই পরিকল্পনাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশংসা করেছেন, তবে ফিলিস্তিনিরা এবং বেশ আরব দেশগুলো এই প্রস্তাবকে ফিলিস্তিনিদের অধিকার খর্ব করার চেষ্টা হিসেবে দেখছে। হামাসও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, গাজা কোনো ক্রয়যোগ্য সম্পত্তি নয়, এটি ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ।
এদিকে, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্প নিজেও মেনে নিয়েছেন যে, এটি কার্যকর করতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
ফিলিস্তিনিরা এবং বেশ কয়েকটি আরব দেশ ট্রাম্পের এই পরিকল্পনাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। মিশর এবং জর্ডান আগেই ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সৌদি আরবও নেতানিয়াহুর একটি মন্তব্যের কড়া সমালোচনা করেছে, যেখানে তিনি সৌদি ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন।
সূত্র: আল জাজিরা
এনএ/
