ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন এয়ার ভাইস মার্শাল এবং বিশিষ্ট প্রতিরক্ষা বিশ্লেষক কপিল কাক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মোদি সরকারের পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, এর ফলে ‘কিছু না কিছু ঘটবেই’ বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
বুধবার (৩০ এপ্রিল) ‘জিও নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল কাক বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারির মতোই দু’দেশ হয়তো একটি করে সামরিক প্রতিক্রিয়া দেখিয়ে পরে উত্তেজনা প্রশমনের পথে হাঁটবে। তবে তার মতে, এই উত্তেজনা কমানো সম্ভব হবে কেবলমাত্র ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি আলোচনা শুরু হলে।
তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানিদের ভিসা ইস্যুতে ভারত সরকার ধর্মীয় বৈষম্যমূলক নীতি অবলম্বন করছে, যা আন্তর্জাতিক মানদণ্ড এবং পারস্পরিক সম্পর্কের পরিপন্থী।
নিরপেক্ষ তদন্তের প্রসঙ্গে প্রখ্যাত এই সমাজ বিশ্লেষক বলেন, বর্তমান ভারতীয় নেতৃত্বের কাছ থেকে এমন কোনও প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া আশা করা যাচ্ছে না। তার মতে, সরকারের মনোভাব ইতোমধ্যেই পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত।
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে কপিল কাক বলেন, দেশটির সাধারণ জনগণ এখন যুদ্ধ ও ঘৃণাভিত্তিক রাজনীতিকে আর সমর্থন করছে না, যার প্রমাণ মিলেছে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ফলাফলে।
এই বক্তব্যগুলোর মাধ্যমে কপিল কাক স্পষ্টভাবে ইঙ্গিত দেন, বর্তমান ভারতীয় নেতৃত্বের আগ্রাসী কৌশল কেবল প্রতিবেশী দেশের সঙ্গে নয়, দেশের অভ্যন্তরেও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: ডেইলি জং।
এআইএল/
