বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি চালানো মোস্তাফিজুর রহমান টুটু নামে সাবেক মেয়র ও আওয়ামী এমপি শেখ ফজলে নূর তাপসের আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) রাতে তাকে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
টুকু বরিশালের কোতয়ালী থানার ফকিরবাড়ী রোডের রাখালবাবু সড়কের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। তাপসের সহযোগী হিসেবে তিনি বেশ প্রভাবশালী ও ক্ষমতাশীল ছিলেন। টুটুর বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সিআইডি জানিয়েছে, ছাত্রজনতার ওপর হামলার কথা স্বীকার করেছেন টুটু। সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি।
টুটু ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার আন্দোলন ঠেকানোর নেতৃত্ব দেন এবং তিনি আব্দুল্লাহ সিদ্দিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে তথ্য প্রমাণ পেয়েছে সিআইডি। তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সিআইডি আরও জানায়, আব্দুল্লাহ সিদ্দিক ওই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আন্দোলনকারী ছাত্র জনতা আব্দুল্লাহ সিদ্দিককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার লাশ গুম করার চেষ্টা করে।
এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে আদালতে লিখিতভাবে অভিযোগ করলে আদালতের আদেশে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৫ মে তাপসের আরেক ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার ও ১৭ জুন আরেক সহযোগী খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
এআইএল/
