নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিতে মতভেদ থাকবেই। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনগণ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। মানুষ বলছে নির্বাচন হবে তো? নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একধরনের আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন হবেই এবং ঘোষিত সময়ের মধ্যেই হবে। নির্বাচন যদি না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। বিভিন্ন জায়গা থেকে অনেকে চেষ্টা করছে ফ্যাসিবাদেকে নিয়ে কথা বলার জন্য। বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচন খুব দরকার।’
দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি রাজনৈতিক দল মিথ্যা-ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায় জানিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য ফখরুল বলেন, ‘আপনারা তাদের এই সুযোগটা দিবেন না। যাতে তারা বলতে পারে বিএনপি খারাপ কাজ করছে। আপনারা মনে করবেন না যে ক্ষমতায় চলে এসেছেন। এখনো আপনারা ক্ষমতার কাছেই আসেননি। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে।’
তিনি বলেন, ‘জুলাইয়ের সংগ্রাম নিয়ে খুব বেশি লেখা হয়নি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে অনেক কালজয়ী গান, কবিতা লেখালেখি হয়েছে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তেমন কবিতা-গান আমি দেখিনি।’
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই সিকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।
এআইএল/
