আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে দৃঢ়প্রতিজ্ঞ আঞ্চলিক দেশগুলো: রাশিয়ার দূত

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ বলেছেন, সপ্তম মস্কো ফরম্যাট পরামর্শ বৈঠক প্রমাণ করেছে যে সব আঞ্চলিক দেশ আফগানিস্তানের সঙ্গে পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাবুলভ বলেন, মস্কো ফরম্যাটের সদস্য দেশগুলো আফগানিস্তানকে বিভিন্ন খাতে সহযোগিতা দেওয়ার বিষয়ে একমত হয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “মস্কো ফরম্যাটের বৈঠক দেখিয়েছে যে সব আঞ্চলিক দেশ আফগান সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে সম্পর্ক সক্রিয়ভাবে সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ। এই ফরম্যাটের আমাদের সব অংশীদার একমত হয়েছেন যে আফগান জনগণকে ২০ বছরের বিদেশি দখলের পরিণতি থেকে মুক্ত করতে এবং দেশটির উন্নয়নে আমাদের সহায়তা করা উচিত।”

কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় চালুর সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাশিয়ার বিশেষ দূত বলেন, এটি একটি ইতিবাচক উন্নয়ন হবে। কাবুলভ আরও বলেন, মস্কো কেবল যুক্তরাষ্ট্রের নয়, অন্য দেশগুলোর দূতাবাস পুনরায় খোলাকেও স্বাগত জানায়।

তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইসলামিক এমিরেটের কর্মকর্তাদের সঙ্গে দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আলোচনা করে থাকে, তবে এটি একটি ভালো ও ইতিবাচক পদক্ষেপ। আমরা শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং অন্যান্য দেশকেও স্বাগত জানাই যারা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং অর্থনৈতিক ও অন্যান্য সহায়তা দিতে আগ্রহী।”

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ রেজা বাহরামি রুশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আফগানিস্তানে বিদেশি সামরিক উপস্থিতি অঞ্চলটির অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার অন্যতম উৎস।

বাহরামি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান হিসেবে আমরা আফগানিস্তান ও এর প্রতিবেশী দেশগুলোতে বিদেশি, বিশেষ করে সামরিক বাহিনীর উপস্থিতির বিরোধিতা করি।”

উল্লেখ্য, আফগানিস্তানকে ঘিরে সপ্তম মস্কো ফরম্যাট বৈঠকটি অনুষ্ঠিত হয় ৭ অক্টোবর মস্কোতে। এতে আফগানিস্তান, ভারত, ইরান ও পাকিস্তানসহ দশটিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে গৃহীত যৌথ বিবৃতিতে আফগানিস্তানকে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে সমর্থনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সূত্র: টোলোনিউজ

অনুবাদ: আতাউল্লাহ নাবহান মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222