পোল্যান্ড সরকার জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি আগের প্রকাশিত সংখ্যার তুলনায় অনেক বেশি; আগে এই সংখ্যা ছিল মাত্র ৮ জন।
পোল্যান্ডের বিশেষ সেবা বিষয়ক মন্ত্রী জ্যাক ডোবারজিনস্কি মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে জানান, ‘ব্যাপক ও গভীর তদন্তের ধারাবাহিক ফলেই নতুন করে আরও বহু সন্দেহভাজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।’ তবে তিনি কোনো নির্দিষ্ট মামলা বা অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
এর আগে মঙ্গলবার ভোরে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (ABW) বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে।
টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে বলেন, ‘বিচারিক কার্যক্রম চলছে, পাশাপাশি আরও কিছু অপারেশনাল পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
সরকারি মুখপাত্র ডোবারজিনস্কি জানান, আটক ব্যক্তিরা রাশিয়ান গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক আলাদা ও বহুমাত্রিক তদন্তের অংশ।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে পোল্যান্ড পশ্চিমা সামরিক ও মানবিক সহায়তা পাঠানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন করিডোরে পরিণত হয়েছে। এই অবস্থানই দেশটিকে গুপ্তচরবৃত্তি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
স্থানীয় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রেললাইন, সামরিক সরবরাহ কেন্দ্র, জ্বালানি স্থাপনা ও গুদামগুলোতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও নজরদারির ঘটনা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, এ ঘটনাগুলো ইউরোপে রুশ গোয়েন্দা কার্যক্রমের পুনরুত্থানের ইঙ্গিত বহন করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি ও টিআরটি গ্লোবাল।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
