বিজেপি সরকারের প্রতিটি দপ্তর দুর্নীতির পাহাড়ে পরিণত হয়েছে: অখিলেশ যাদব

by Fatih Work

ভারতের সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে বলেছেন, ‘রাজ্যের প্রতিটি সরকারী বিভাগে দুর্নীতির পাহাড় গড়ে উঠেছে।’

অখিলেশ যাদব মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) এ একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বিজেপি সরকারের অধীনে প্রতিটি দপ্তরে যে দুর্নীতির পাহাড় দাঁড়িয়ে যাচ্ছে, তার আসল কারণ তারা নয় যারা টাকা আদায় করে, বরং তারা যারা আদায় করায়। কারণ তাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই এবং উচ্চপদ পাওয়ার প্রবল লালসা চলছে।’

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ‘ঘুষ, কমিশন, তহবিল সংগ্রহ, সব মিলিয়ে বিপুল অর্থ জড়ো করা হচ্ছে ‘বড় পদ’ পাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে। এই অর্থনীতির মূল ভাণ্ডার এখন কেন্দ্রীয় তহবিলের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে, কারণ বিজেপির সংস্কৃতিতে সবসময়ই চলে এসেছে, যার কাছে বড় ভাণ্ডার, সেই উচ্চপদ পাওয়ার যোগ্য।’

অখিলেশের দাবি, এই লোভ ও প্রতিযোগিতার ফলে প্রশাসনিক আদায় বেড়েছে, যার খেসারত শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই দিতে হচ্ছে—মূল্যবৃদ্ধি ও দুর্ভোগের মাধ্যমে।

উল্লেখ্য, অখিলেশ যাদব দুর্নীতি ইস্যুতে গত কয়েক মাস ধরে বিজেপি সরকারকে লাগাতার চাপে রাখছেন। তিনি অভিযোগ করেছেন, অযোধ্যা, গোরখপুর, বারাণসীসহ একাধিক জেলায় বিজেপি-সমর্থিত প্রভাবশালীরা অবৈধ জমি রেজিস্ট্রেশনের মাধ্যমে কোটি কোটি রুপি আয় করেছে, অথচ সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি ও বেকারত্বে জর্জরিত।

অখিলেশ আরও দাবি করেছেন, বিজেপি সরকারের আমলে অবৈধ খনন, সরকারি জমি দখল এবং পশু বাণিজ্য সরকারী পৃষ্ঠপোষকতায় চলছে। তার অভিযোগ, অধিকাংশ প্রকল্প দুর্নীতির আস্তানায় পরিণত হয়েছে, বহু জেলায় পানির ট্যাংক ও পাইপলাইনে ফাটল ধরা পড়েছে, আর সড়ক প্রকল্পেও ব্যাপক অর্থনৈতিক অনিয়ম ঘটেছে।

রাজ্যের রাজনৈতিক মহলে অখিলেশ যাদবের এই মন্তব্য নতুন করে বিজেপি সরকারের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে।

সূত্র: জাদিদ খবর।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222