কর্ণাটক পুলিশ আরএসএস নেতা কাল্লাডকা প্রভাকর ভাটের বিরুদ্ধে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি এমন বক্তব্য দিয়েছেন যা সম্প্রদায়গুলোর মধ্যে বৈরিতা সৃষ্টি করে এবং নারীদের মর্যাদাকে অপমানিত করে।
এই বক্তব্যটি গত ২০ অক্টোবর দক্ষিণ কান্নাড়ার পুট্টুরের কাছে এক অনুষ্ঠানে দেওয়া হয়েছিল, আর ২৫ অক্টোবর পুলিশ আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে।
এশ্বরী পদমুঞ্জা নামে এক নারী অভিযোগ দায়ের করেছেন যে, ভাট তার বক্তৃতায় নারীদের এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে উস্কানিমূলক মন্তব্য করেছেন।
অভিযোগ অনুসারে, ভাট বলেন যে হিন্দু নারীদের দুইয়ের বেশি সন্তান জন্ম দেওয়ায় ‘কুকুরের মতো বাচ্চা জন্ম দেওয়া’ বলে উপহাস করা হয়, অথচ মুসলিম নারীরা বেশি সন্তান নিলেও তেমন সমালোচনার মুখে পড়েন না। তিনি হিন্দু জনসংখ্যা বৃদ্ধির আহ্বান জানিয়ে হিন্দু নারীদের ‘আরও বেশি সন্তান জন্ম দেওয়ার’ পরামর্শ দেন।
ভাটের এই বক্তব্যের ভিডিও পরে Kahale News নামের একটি ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়ে।
এশ্বরী পদমুঞ্জার অভিযোগের ভিত্তিতে পুট্টুর রুরাল পুলিশ ভাট ও অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। এর মধ্যে রয়েছে দণ্ডবিধির ৭৯ ধারায় (নারীর শালীনতায় আঘাত), ১৯৬ ধারায় (ধর্মীয় বা ভাষাগত কারণে বৈরিতা উসকে দেওয়া), ২৯৯ ধারায় (ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত), ৩০২ ধারায় (ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া), এবং ৩(৫) ধারায় (সমষ্টিগতভাবে অপরাধ সংঘটনের পরিকল্পনা)।
উল্লেখ্য, এটি কাল্লাডকা প্রভাকর ভাটের বিরুদ্ধে প্রথম মামলা নয়। এর আগে গত ২ জুন বান্তওয়াল রুরাল পুলিশ তার বিরুদ্ধে আরেকটি এফআইআর দায়ের করেছিল। সেই ঘটনায় অভিযোগ ছিল, ১২ মে দক্ষিণ কান্নাড়ার কাবালাপাদুর গ্রামে এক শোকসভায় তিনি মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছিলেন।
সূত্র: মাকতুব মিডিয়া ভারত।
এআইএল/
