ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে অগ্রহণযোগ্য আচরণের জেরে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে স্কটিশ রেসলার ড্রু ম্যাকইনটায়ারকে। শনিবার শিরোপা লড়াইয়ে পরাজয়ের পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন তিনি, আর সেই হতাশার বিস্ফোরণ ঘটে স্ম্যাকডাউনের সর্বশেষ লাইভ শোতে।
গতকালকের শোয়ের শুরুতেই উপস্থিত হন আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস। তিনি জানান, ম্যাকইনটায়ারকে হারিয়ে শিরোপা ধরে রাখার পর এখন নতুন প্রতিদ্বন্দ্বী খুঁজছেন তিনি। এই সময় হাজির হন আলিস্টার ব্ল্যাক ও জেলিনা, এবং তাদের সঙ্গে রোডসের তর্কে শোয়ের উত্তেজনা বেড়ে যায়। জেলিনার থাপ্পড়ের ঘটনার পর জেনারেল ম্যানেজার নিক অ্যালডিস বাধ্য হন রোডস ও ব্ল্যাকের মধ্যে নন–টাইটেল ম্যাচ ঘোষণা করতে।
তবে ম্যাচের মধ্যেই ঘটে নাটকীয়তা। আচমকা রিংয়ে ঢুকে পড়েন ড্রু ম্যাকইনটায়ার এবং রোডসের ওপর একের পর এক আক্রমণ শুরু করেন। আগের পরাজয়ের ক্ষোভ মেটাতে ব্ল্যাকের সঙ্গে মিলে রোডসকে নির্মমভাবে আঘাত করেন তিনি।
এই সময় রোডসের পাশে দাঁড়ান ‘আর্চার অফ ইনফ্যামি’ ডেমিয়েন প্রিস্ট। তিনি ম্যাকইনটায়ার ও ব্ল্যাককে প্রতিহত করে রোডসকে রক্ষা করেন, যা দেখে দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন।
এরপর ক্ষুব্ধ জিএম নিক অ্যালডিস রিংয়ে এসে ঘোষণা দেন,
“আমি তোমাকে সুযোগ দিই, আর তুমি তার অপব্যবহার করো। আর নয় এই মুহূর্ত থেকেই তুমি সাসপেন্ড!”
এই ঘোষণার মাধ্যমেই ডব্লিউডব্লিউই আনুষ্ঠানিকভাবে ম্যাকইনটায়ারকে সাময়িক বরখাস্ত করে। এক সপ্তাহ আগেও ডব্লিউডব্লিউইর সবচেয়ে বড় শিরোপার জন্য লড়েছিলেন তিনি, অথচ অনিয়ন্ত্রিত আচরণের কারণে এখন নিষিদ্ধ। ডব্লিউডব্লিউই এখনো জানায়নি, নিষেধাজ্ঞার মেয়াদ কতদিনের হবে।
উল্লেখ্য, ২০২০ সালে ব্রক লেসনারকে হারিয়ে রয়্যাল রাম্বল চ্যাম্পিয়ন হয়েছিলেন ড্রু ম্যাকইনটায়ার, যিনি পরবর্তীতে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হিসেবেও শিরোপা জয় করেছিলেন।
টিএইচএ/
