ইরানের রাজধানী তেহরান ভয়াবহ পানি সংকটের মুখে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে তেহরানে মারাত্মক পানি-সংকট দেখা দিতে পারে।
প্রেসিডেন্ট জানান, নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে তেহরানে পানির রেশনিং ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও সতর্ক করে বলেন, রেশনিং চলাকালেও যদি বৃষ্টি না হয়, তবে তেহরান শহর খালি করতে হতে পারে।
ইরানি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাজধানীর প্রধান পানির রিজার্ভে এখন মাত্র দুই সপ্তাহের পানির সরবরাহ অবশিষ্ট আছে। এ বিষয়ে জনগণকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে।
সরকারি তথ্যে বলা হয়েছে, চলতি বছরে ইরানে বৃষ্টিপাত ৪০ শতাংশ কমেছে, ফলে দেশের বিভিন্ন প্রদেশে ৫০ থেকে ৮০ শতাংশ পানি-স্বল্পতা দেখা দিয়েছে। এছাড়া ইরানের বহু অঞ্চল এখন মারাত্মক খরার কবলে রয়েছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
