বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় ফারাক্কা ও তিস্তাসহ সকল পানিবণ্টন ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘দাদাগিরি বন্ধ’ করারও দাবি জানান।
শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও গণসমাবেশ’ এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের স্বার্থ আমাদেরই দেখতে হবে। বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে ফারাক্কা ইস্যু, তিস্তা এগুলোয় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। আমি মনে করি, যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, সেই হিসেবে আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার।
বিএনপি নেতা আরও বলেন, আমাদের কমিটমেন্টে আমরা কমিটেট। এটা আমাদের রাজনীতি। এখানকার পানির হিস্যা, সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব চেইন ঠিক করা এগুলায় আমরা বেশি গুরুত্ব দিতে চাই। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। তবে, আমাদের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই।
এআইএল/
