অনুষ্ঠিত হল এসএআরসির ‘ইসলামিক ফাইন্যান্স এন্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ড সিরিমনি’

by amirulislamluqman20@gmail.com

আমিরুল ইসলাম লুকমান >>

নৈতিক অর্থনীতি, স্বচ্ছ ব্যবসা ও বিশ্বস্ত শরিয়াহ মানদণ্ড- এই আদর্শকে সামনে রেখে এক বছর আগে যাত্রা শুরু করে ইসলামি অর্থনীতির গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘শরিয়াহ অ্যাডভাইজরি এন্ড রিসার্চ কাউন্সিল’ (এসএআরসি)। বছরব্যাপী এ গবেষণা প্রতিষ্ঠান ইসলামি অর্থনীতির বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে।

বিজ্ঞাপন
banner

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ‘শরিয়াহ অ্যাডভাইজরি এন্ড রিসার্চ কাউন্সিল’ (এসএআরসি) এর উদ্যোগে রাজধানীর শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন সেন্টারে ‘ইসলামিক ফাইন্যান্স এন্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ড সিরিমনি’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএআরসি থেকে ইসলামি অর্থনীতির কোর্স সমাপনকারী ১০৬ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

ইসলামি অর্থনীতি কোর্স বিষয়ক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম ইসলামি গবেষণা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্স এর পরিচালক, প্রখ্যাত আলেম ও ইসলামি অর্থনীতিবিদ মুফতি দিলাওয়ার হুসাইন। সভাপতিত্ব করেন এসএআরসির চেয়ারম্যান ও ইসলামি অর্থনীতিবিদ মুফতি মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি দিলাওয়ার হুসাইন বলেন, ইসলামি শরিয়াহ মোতাবেক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি পরিচালনা করলে দৃশ্যমান-অদৃশ্যমান উভয়ভাবে উন্নতি লাভ হয়। সম্পদ বৃদ্ধি পায়। ইসলাম চায় দেশ-সমাজে সম্পদ বৃদ্ধি হোক, সম্পদ কমে যাক এটা ইসলামের চাওয়া নয়।
আমার অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ছাত্র মুফতি মাসুম বিল্লাহ সাহস করে ইসলামি অর্থনীতির কোর্স ও গবেষণা প্রতিষ্ঠান শুরু করেছেন। দোয়া করি, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখুন, অগ্রগতি দান করুন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ব্যবসা-বাণিজ্য ও উপার্জন যেন হালাল হয়, আমরা উভয় জাহানে শান্তি ভোগ করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।

বিশেষ অতিথির আলোচনায় ‘সেন্টার ফর ইসলামি ইকোনমিক্স বসুন্ধরার’ চেয়ারম্যান মুফতি শাহেদ রাহমানি বলেন, আমাদের সমাজের মানুষেরা ইসলামের ইবাদত হিসেবে নামাজ-রোজা ইত্যাদির মাসয়ালা আলেমগণের কাছে জিজ্ঞাসা করেন। এই সংস্কৃতি আমাদের সমাজে আছে। কিন্তু ব্যবসা, দোকান, কারখানা, বাণিজ্য, কৃষি বিষয়ে জায়েজ-নাজায়েজ বিষয়ে আলেমদের জিজ্ঞাসা করে সে অনুযায়ী পালন করেন না। আমাদের সমাজের এটা একটা বড় অসুবিধা। অর্থনীতির হারাম-হালাল নিয়ে আলোচনা বেশি বেশি হওয়া জরুরি। আর এজন্যই অর্থনীতির কোর্স ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন সোনালী ব্যাংকের ইসলামি ব্যাংকিং ডিভিশনের অফিসার ও ফিনটেক বিশেষজ্ঞ ড. জাহিদুজ্জামান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এডিশনাল ডিরেক্টর শেখ লুৎফুল কবির, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের শরিয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য মুফতি আবু বকর নাবিল, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের শরিয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দিক খান, এসএআরসির ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ মুফতি ইলিয়াস হুসাইন প্রমুখ। পাকিস্তানের সুপ্রসিদ্ধ ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ ড. আব্দুল ওয়াহহাব সুলতান গুগল মিটে যুক্ত হয়ে আলোচনা করেন।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমানাহ ফিনটেকের চেয়ারম্যান আবু বকর, ম্যানেজিং ডিরেক্টর মেজবাহুর রহমান ও খাসফুডের দায়িত্বশীলবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে এসএআরসির গত এক বছরের কার্যক্রম ও সফলতা নিয়ে একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অর্থনীতি কোর্সে অংশগ্রহণ ও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জনকারীরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222