ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ‘হায়থাম আলী তাবাতাবাই’ নিহত হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে। রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হারেত হরেইক অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হন। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাবাতাবাইকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। যদিও তার আনুষ্ঠানিক পদ উল্লেখ করা হয়নি, তিনি সংগঠনের সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০২৪ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলের হাতে নিহত হওয়া সবচেয়ে সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাবাতাবাইকে ‘নিষ্ক্রিয়’ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিলেন তিনি। ইসরায়েলি গণমাধ্যম জানায়, গত বছরের যুদ্ধকালীন সময়ে তাকে হত্যার এটি ছিল তৃতীয় চেষ্টা।
হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি হামলাকে “রেডলাইন অতিক্রম” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই হামলা লেবাননের সর্বত্র আক্রমণের মাত্রা বাড়ানোর দরজা খুলে দিয়েছে এবং সংগঠনের নেতৃত্ব প্রতিক্রিয়া জানানো হবে কি না তা পর্যালোচনা করছে।
হায়থাম আলী তাবাতাবাই ১৯৬৮ সালে বৈরুতে জন্মগ্রহণ করেন। তার মা লেবানিজ এবং বাবা ইরানি। শৈশব কাটে দক্ষিণ লেবাননে এবং মাত্র ১২ বছর বয়সে তিনি হিজবুল্লাহতে যোগ দেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। আর সরকারি বার্তা সংস্থা এনএনএ জানায়, হারেত হরেইকের আল-আরিদ স্ট্রিটে অবস্থিত ওই ভবনে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যাতে ভবনসহ আশপাশের গাড়ি ও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়।
টিএইচএ/
