দলীয় স্বার্থে অন্ধ হয়ে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন: জোনায়েদ সাকি

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

‘দলীয় স্বার্থে অন্ধ হয়ে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন’ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, “বিচার, সংস্কার এবং নির্বাচন—এই তিনটি জিনিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটিই এখন একসূত্রে গাঁথা। নির্বাচন না হলে সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করতে পারব না। কিন্তু অনেকেই নির্বাচন বানচাল করতে চান।”

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গণসংহতি আন্দোলনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের ওপর অনেক দল, বিশেষ করে দুই-একটি দল প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তারা এখন ভাবছে নির্বাচনের দরকার কী, আমরা তো ক্ষমতায় আছি। ক্ষমতার ভালোই ভাগ পাচ্ছি।” জোনায়েদ সাকি আরো বলেন, “নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা মানে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো। যেসব দল দলীয় স্বার্থে অন্ধ হয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তারা কি কেবল না বুঝে করছে? আসলে তারা অনেকে বুঝেই করছে। তারা নিজেদের স্বার্থে অন্ধ হয়ে গিয়ে বুঝতে পারছে না যে, নির্বাচন যথার্থভাবে অনুষ্ঠিত না হলে সংকট ঘনীভূত হবে। অর্থনীতিতে এবং ভূ-রাজনৈতিক যে বাস্তবতা, তাতে আমরা একটা মহাবিপদের মুখে পড়ব। সব বুঝেই তারা এই রকম একটা ভয়ংকর খেলায় লিপ্ত হচ্ছে।”

নির্বাচন বানচালের কোনো তৎপরতা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, “এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। সেই স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে হলে, যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে তা সফল করতে হবে। তার মধ্যে একটি নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকার আসতে হবে।”

সমাবেশের আগে শহরের খানপুর এলাকা থেকে একটি মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। দলীয় প্রতীক ‘মাথাল’ নিয়ে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জে গিয়ে মিছিল শেষ করেন।

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন— দলটির জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম ও জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222