রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে, যা টঙ্গী থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। ২১ নভেম্বরের ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে ১০ জনের মৃত্যু ঘটে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘন ঘন ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানা গেছে।
টিএইচএ/
