ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে যদি কেউ সবচেয়ে বেশি সমালোচনা করে থাকেন, তিনি ওসমান হাদি। আবার একই সঙ্গে সরকারকে বুক দিয়ে আগলে রাখেনও তিনি। এখন সরকারের দায়িত্ব হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানোর ব্যবস্থাও নিতে হবে।
জাবের জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে হাদির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অন্যান্য উপদেষ্টারাও হাসপাতালে গিয়ে তার খোঁজ নিয়েছেন। তিনি বলেন, ওসমান হাদি শুধু ঢাকা-৮ আসনের নন, তিনি পুরো দেশের নেতা। তাই যারা তার ওপর গুলি চালিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। কোনোভাবেই হামলাকারীরা অন্যভাবে ‘মারা গেছে’ এমন বক্তব্য আমরা শুনতে চাই না।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
সন্ধ্যায় ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অস্ত্রোপচারের সময় হাদির মাথার ভেতরে কোনো গুলি পাওয়া যায়নি। সার্জনদের ভাষ্য অনুযায়ী, গুলি মাথা ভেদ করে বেরিয়ে গেছে।
টিএইচএ/
