হিলি বন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, পাইকারি বাজারে কমেছে দাম

by Fatih Work

চাহিদা বৃদ্ধির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বেড়েছে। আমদানি বাড়ার প্রভাবে বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এতে সন্তোষ প্রকাশ করেছেন পাইকারি ব্যবসায়ীরা।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজের বিক্রি শুরু হয়। এ বন্দর দিয়ে মূলত ভারতের নাসিক ও ইন্দ্র জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমানে বন্দরে প্রতি কেজি ইন্দ্র ও নাসিক পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে, যা দুই দিন আগেও বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দামে।

বিজ্ঞাপন
banner

হিলির পেঁয়াজ আমদানিকারক নাফিস ইকবাল সাদ বলেন, হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রতিদিনই পেঁয়াজের আমদানি বাড়ছে। পাশাপাশি দেশীয় মুড়িকাটা ও পাতা পেঁয়াজের সরবরাহও বৃদ্ধি পেয়েছে। ফলে আমদানিকৃত পেঁয়াজের দামে ইতিবাচক প্রভাব পড়েছে। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হিলি বন্দরের পেঁয়াজের পাইকার সেলিম জানান, এখান দিয়ে আমদানি হওয়া পেঁয়াজের গুণগত মান ভালো। দুই দিন আগে তিনি ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলেও আজ তা কিনেছেন ৬৫ টাকা কেজি দরে। দাম কমায় তিনি আজ দুই ট্রাক পেঁয়াজ কিনেছেন। এসব পেঁয়াজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গৌরীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান, চলতি মাসের ৭ ডিসেম্বর থেকে রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৩টি ট্রাকে মোট ৯৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ কাঁচা পণ্য হওয়ায় শুল্কায়ন ও কাস্টমসের সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করে পণ্য খালাসে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার অনলাইনের মাধ্যমে আমদানির জন্য ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যু করছে। প্রথম পর্যায়ে সারা দেশে ৫০ জন আমদানিকারককে ৩০ মেট্রিক টন করে আইপি দেওয়া হয়। বর্তমানে আমদানিকারকের সংখ্যা বাড়িয়ে ২০০ জন করা হয়েছে, যার ফলে পেঁয়াজ আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222