অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হওয়া ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের বিভিন্ন কারাগারে দণ্ড ভোগ শেষে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সিলেটের তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন পয়েন্টে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে এসব ব্যক্তিকে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে তারা সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ওই সময় বিএসএফ ও ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে হাজির করলে কারাগারে পাঠানো হয়।
কারাভোগের মেয়াদ শেষ হলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন— মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) ও জুমা আক্তার (৩০)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও ইমিগ্রেশন পুলিশের সমন্বয়ে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
টিএইচএ/
