আফগানিস্তান ও কিরগিজস্তানের বেসরকারি খাতের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ জোরদারের লক্ষ্যে আজ বুধবার কাবুলে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোগে একটি বিজনেস কানেকশন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বিদ্যমান ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিত করা, চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করা এবং সেগুলো মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা।
অনুষ্ঠানে তিনি কাবুলে একটি কিরগিজ ট্রেড হাউস প্রতিষ্ঠার ঘোষণা দেন এবং জানান, আফগানিস্তানও কিরগিজস্তানের রাজধানী বিশকেকে নিজস্ব ট্রেড হাউস চালুর পরিকল্পনা নিয়েছে।
নূরউদ্দিন আজিজি বলেন, ‘আফগানিস্তান ও কিরগিজস্তান পরস্পর সংযুক্ত দুটি দেশ। একটি দক্ষিণ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলের কেন্দ্রস্থলে কৌশলগত অবস্থানে রয়েছে, অন্যটি মধ্য এশিয়া ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের বাজারে প্রবেশদ্বার। এই পারস্পরিক পরিপূরকতা সহযোগিতা সম্প্রসারণের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করেছে।’
এদিকে কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী বাকিত সিদিকভ কাবুল ও বিশকেকের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, আফগান বাজারে খাদ্যপণ্য, শিল্পজাত পণ্য, টেক্সটাইল, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রপ্তানিতে তার দেশ আগ্রহী।
তিনি বলেন, ‘ট্রেড হাউস সরাসরি কোম্পানিগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, পণ্য পরিবহন (ট্রানজিট) ব্যবস্থাপনা এবং বাণিজ্যিক বৈঠক আয়োজনের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর আগে তেরমেজ ফ্রি ইকোনমিক জোনে কিরগিজ প্রজাতন্ত্রের একটি ট্রেড হাউস চালু করা হয়েছিল।’
সম্মেলনে সিমেন্ট, তাজা ফল ও সবজি, ওষুধ, কারিগরি সহায়তা, ট্রানজিট, টেলিযোগাযোগ এবং নিরাপত্তা ক্যামেরাসহ বিভিন্ন খাতে ১০টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১৫৭ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়।
আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সভাপতি সাইয়েদ করিম হাশেমি দেশে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে মৌলিক ও টেকসই সহযোগিতা গড়ে তুলতে চেম্বার সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, প্রতিবন্ধকতা দূরীকরণ এবং যৌথ প্রদর্শনী আয়োজনেও আমরা সহযোগিতা করব।”
উল্লেখ্য, কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলটি এমন এক সময়ে আফগানিস্তান সফর করেছে, যখন কাবুল ও ইসলামাবাদের মধ্যে দুই মাসেরও বেশি সময় ধরে বাণিজ্য কার্যক্রম স্থগিত রয়েছে। এই পরিস্থিতি আফগানিস্তানের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করেছে এবং দেশটিকে মধ্য এশিয়ার দেশগুলোর কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রে পরিণত করেছে। সূত্র: টোলোনিউজ
হাআমা/
