ইয়েমেনের খ্যাতিমান কুরআনের শিক্ষক ও বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ ড. আলী মুহাম্মদ আল-থানানি কুরআন শিক্ষাদানের সময় হঠাৎ ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের আগমুহূর্তের দৃশ্য ক্যামেরায় ধারণ হওয়ায় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইয়েমেনের মারিব প্রদেশে কুরআন শিক্ষাদানে ব্যস্ত ছিলেন শাইখ আল-থানানি। হঠাৎ করেই তিনি চোখ বন্ধ করে ফেলেন এবং চেয়ার থেকে নিচে পড়ে যান।
বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি রুমাইলাহ এলাকায় অবস্থিত নুরা মসজিদে হাফেজে কুরআনদের তত্ত্বাবধান করছিলেন। নিয়ম অনুযায়ী তিনি এক শিক্ষার্থীর কুরআন তিলাওয়াত গভীর মনোযোগের সঙ্গে শুনছিলেন। তার হাতে তখন পবিত্র কুরআন শরিফ ছিল। এ অবস্থাতেই তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, প্রয়াত এই আলেমে দ্বীন উচ্চশিক্ষায় বিশেষ কৃতিত্বের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। কুরআন শিক্ষা ও দ্বীনি দাওয়াতি ময়দানে তার অবদান ইয়েমেনজুড়ে ব্যাপকভাবে স্বীকৃত ছিল। তার আকস্মিক ইন্তেকালে শিক্ষার্থী, সহকর্মী ও মুসলিম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
