ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)–এর এমপি প্রার্থী শাইখ নেছার আহমাদ আন নাছিরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় শাইখ নেছার আহমাদ আন নাছিরী বলেন,
“আলহামদুলিল্লাহ। আমি আমার প্রিয় সরাইল ও আশুগঞ্জবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা চাই। ইনশাআল্লাহ জনগণের আমানতের এক পয়সাও এদিক-সেদিক হতে দেব না।”
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও সরাইল-আশুগঞ্জ কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষার নিম্নমান, দুর্নীতি ও মাদকের প্রভাবে যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। বিগত সময়ে অনেক সরকার ও জনপ্রতিনিধি এলেও জনগণের শান্তি ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ভোট দেওয়ার সময় জনগণের মনে রাখতে হবে— তাদের ভোটে নির্বাচিত ব্যক্তির ভালো-মন্দ কাজের দায়ও ভোটারদের ওপর বর্তায়। “ক্ষমতালোভীদের নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকেই নেতা নির্বাচন করা উচিত,” বলেন তিনি।
নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, তিনি সরাইল-আশুগঞ্জকে একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে চান। আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, দ্রুত রেসপন্স ইউনিট ও কমিউনিটি পুলিশিং চালুর মাধ্যমে চাঁদাবাজি, খুন ও ঘুষমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইউনিয়নভিত্তিক আধুনিক হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে, স্কুল-কলেজ ও বাজার এলাকাকে ইভটিজিং ও মাদকমুক্ত রাখা হবে এবং নারীরা সন্ধ্যার পরও নিরাপদে চলাচল করতে পারবেন এমন পরিবেশ গড়ে তোলা হবে।
তিনি বলেন, “আমি কুরআনের মাধ্যমে বাংলাদেশের পতাকাকে বিশ্বদরবারে উঁচু করেছি। যদি জনগণ আমাকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয়, তবে সরাইল-আশুগঞ্জকে বিশ্বমানের শিক্ষানগরী ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
তিনি জানান, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উন্নত মাদরাসা ও শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এই অঞ্চলকে ‘জ্ঞান ও উৎপাদন কেন্দ্র’ হিসেবে গড়ে তোলা হবে, যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।
শেষে তিনি বলেন, “দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটাতে আপনাদের সন্তান হিসেবে আমাকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। আল্লাহ আমাদের এই নেক নিয়ত কবুল করুন।”
হাআমা/
