দেশে মুক্তিযুদ্ধবিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে : ইশরাক হোসেন

by hsnalmahmud@gmail.com

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক ও ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশে মুক্তিযুদ্ধবিরোধী একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো নাগরিক অবস্থান গ্রহণ করতে পারে না। মুক্তিযুদ্ধই আমাদের পরিচয় দিয়েছে, স্বাধীন ভূখণ্ড দিয়েছে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ইশরাক হোসেন আরও বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে হবে। তিনি উল্লেখ করেন, সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে হবে, অন্য কোনো দেশ নয়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কখনো আপস হয়নি, হবে না। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশে কিভাবে গ্রহণযোগ্য হয়েছে, তা তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনই স্পষ্ট হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিডিয়া, কূটনৈতিক মহল এবং সুশীল সমাজে তারেক রহমানের বক্তব্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইশরাক হোসেন উল্লেখ করেন, বেকারত্ব দূরীকরণ, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি এবং বিদেশে কর্মরত ও কর্মপ্রত্যাশী শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গঠনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ রপ্তানি খাত থেকে বৈদেশিক আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, গণতন্ত্র ও মৌলিক অধিকারই আমাদের অনুপ্রেরণা। বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় থেকেও দেশের স্বার্থে কোনো আপোষ করেননি। এই পরিবারের ওপর আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী জনগণের ওপর আঘাত।

এ সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222