লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে আয়াত নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌরসভার নরিমপুরের মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে দুলাল ঘরের বাইরে যান। এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে যায় এতে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আগুনে প্রতিবেশী শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরও পুড়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে ঘরে বিছানায় থাকা শিশু আয়াত পুড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, “ঘরগুলোর ভেতরে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল। এরমধ্যে দুটি খালি থাকলেও অন্যটিতে গ্যাস ছিল। চার ঘরে আগুন লাগে। এরমধ্যে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।”
রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পিয়াস চন্দ্র সরকার বলেন, “দুলাল মিয়ার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে এক শিশু মারা গেছে। আগুনে ঘরসহ আসবাবপত্র পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, “আগুনে এক শিশু পুড়ে মারা যাওয়ার খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। তাদেরকে ঢেউটিনসহ আরও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।”
এমএআর/
