টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে জেলায় তীব্র শীতের অনুভূতি দেখা দিয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।
হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আগামী কয়েক দিন তাপমাত্রা কম থাকতে পারে বলেও জানান তিনি। তবে তাপমাত্রা বাড়লে শীতের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে।
টিএইচএ/
