খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল রাশেদ বিকলু নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল রাশেদ বিকলু বাগমরা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, “গতকাল রাতে রূপসার বাগমারা এলাকার তালিমপুর কদমতলা মাঠে পিকনিকের আয়োজন করে বিকলু ও তাঁর বন্ধুরা। সেখানে এসে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি আরও বলেন, “ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে। নিহত বিকলুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।”
এমএআর/
