কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারীসহ পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী ইলিওটগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেন নি। পাঁচ বছর বয়সি ছেলে শিশু ও নারী সম্পর্কে মা-ছেলে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি লোকাল বাস থেকে একজন নারী (বয়স আনুমানিক ৩২ বছর) যাত্রী একটি শিশুকে (বয়স আনুমানিক ৫ বছর) কোলে নিয়ে নামছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আহত শিশুটিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট টিম কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
অন্যদিকে, দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে নীলাচল পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়।
এমএআর/
