প্রযুক্তি বিশ্বের দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও গুগলের ঐতিহাসিক এআই অংশীদারত্বের সুফল পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না গ্রাহকদের। ব্লুমবার্গের জ্যেষ্ঠ বিশ্লেষক মার্ক গারম্যানের সাম্প্রতিক তথ্যমতে, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’র আমূল পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। এই নতুন সংস্করণে মূল ইঞ্জিন হিসেবে কাজ করবে গুগলের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনি’।
দীর্ঘদিনের গুঞ্জন কাটিয়ে ২০২৪ সালের জুনে অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির যে অঙ্গীকার করেছিল, এটিই তার প্রথম আনুষ্ঠানিক প্রয়োগ হতে যাচ্ছে। নতুন এই আপডেটের ফলে সিরি কেবল মৌখিক নির্দেশনা পালনই করবে না, বরং ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা এবং আইফোনের স্ক্রিনে চলমান বিভিন্ন কন্টেন্ট বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে জটিল সব কাজ সম্পন্ন করতে সক্ষম হবে। এতে ব্যবহারকারীর ডিজিটাল অভিজ্ঞতায় এক অভাবনীয় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ফেব্রুয়ারির এই আপডেটটি অ্যাপলের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ মাত্র। গারম্যানের দাবি অনুযায়ী, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের বার্ষিক সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি-তে আরও চমকপ্রদ ঘোষণা আসতে পারে। সেই সময়ে সিরিকে চ্যাটজিপিটির আদলে পুরোপুরি কথোপকথনমুখী করার পাশাপাশি এটি সরাসরি গুগলের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের সহায়তায় পরিচালিত হতে পারে। অ্যাপলের অভ্যন্তরীণ এআই বিভাগ নিয়ে দীর্ঘদিনের স্থবিরতা এবং এআই প্রধান জন জিয়ানান্দ্রিয়ার বিদায়ের পর গুগল-অ্যাপল এই নতুন সমীকরণ প্রযুক্তি অঙ্গনে অ্যাপলের অবস্থানকে আরও সংহত করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
টিএইচএ/
