মোঃ নিজাম উদ্দীন স্বাধীন (স্টাফ রিপোর্টার)>> ঢাকা-৭ সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করে ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন ওই আসনের প্রার্থী মো. এনায়েত উল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এই প্রার্থী নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে এই দাবি জানান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মো. এনায়েত উল্লাহ অভিযোগ করেন, ভোট গণনার সময় ব্যাপক জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। বিশেষ করে ‘ধানের শীষ’ প্রতীকের ব্যালট বান্ডিলে ১০০টি করে পেপার না থাকলেও তা ১০০ হিসেবেই গণনা করা হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোতে তার নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করে কক্ষ থেকে বের করে দেওয়ার পর ফলাফল শিট তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন। এজেন্টদের প্রবল আপত্তি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা তা আমলে নেননি এবং অনেক ক্ষেত্রে রেজাল্ট শিটের মূল কপি সরবরাহ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ভোট গণনার মাঝামাঝি সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেরি করা হয়েছিল, যা মূলত ফলাফল ম্যানুপুলেশন ও রিগিংয়ের অংশ। কাউন্টার পার্টে পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করা হয়নি, যা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। প্রিজাইডিং অফিসারদের এমন পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে গতদিনেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান। মো. এনায়েত উল্লাহ জোর দিয়ে বলেন, বর্তমান ঘোষিত ফলাফল তার নির্বাচনী এলাকার ভোটারদের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট পুনঃগণনা করা হলে কারচুপির প্রকৃত সত্য উন্মোচিত হবে। তাই জনমতের সঠিক প্রতিফলন নিশ্চিতে অনতিবিলম্বে ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গণনার আহ্বান জানান তিনি।
টিএইচএ/
