খুলনার সীমান্তবর্তী ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, জেলার প্রতিটি আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। সাতক্ষীরার এই ফলকে দলটির নেতাকর্মীরা তাদের রাজনৈতিক অবস্থানের ঐতিহাসিক পুনরুত্থান হিসেবে দেখছেন।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. ইজ্জত উল্লাহ ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। এই আসনে ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হন। আসনটিতে ভোট প্রদানের হার ছিল ৭৫.৬৪ শতাংশ। অন্যদিকে, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট, যেখানে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে লড়াই ছিল দ্বিমুখী। এখানে জামায়াতের রবিউল বাসার ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। এই আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিন ৫৬ হাজার ৮১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। সর্বশেষ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। তিনি ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট।
টিএইচএ/
