ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান। পেশায় ইমাম, খতিব ও শিক্ষক এই প্রার্থী ‘দেয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ‘খেজুর গাছ’ প্রতীকে অর্জন করেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। ফলে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৯ হাজার ৫৮১ ভোটে।
৫৯ বছর বয়সী আবুল হাসানের জন্ম জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে। ১৯৯৩ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। পরবর্তীতে ২০০০ সালের জুন মাসে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ-এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এখনো সে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি খেলাফত মজলিস-এর সিলেট জেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় আবুল হাসান বলেন, মহানবী (সা.) মিম্বর থেকে রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই আদর্শ অনুসরণ করে তিনি মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে গিয়ে দেশ ও মিল্লাতের সেবায় আত্মনিয়োগ করতে চান।
তিনি আরও জানান, জকিগঞ্জ–কানাইঘাট অঞ্চলের সামগ্রিক উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পরিকল্পিত কর্মসূচি নেওয়া হবে। অবহেলিত খাতগুলো চিহ্নিত করে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ এবং নাগরিক সেবার বিস্তারে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
টিএইচএ/
