জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি, মানবিকতা এবং সংহতির আহ্বান জানিয়েছেন। তার দেওয়া এক বার্তায় তিনি রমজান মাসের মাহাত্ম্য তুলে ধরে বলেন, এটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মচিন্তা এবং প্রার্থনার পবিত্র সময়, যা তাদের ভেতরে আধ্যাত্মিকতা ও ভালোবাসার নতুন একটি সূচনা এনে দেয়। রমজান হলো আশা এবং শান্তির এক মহৎ দর্শনের প্রতীক, যা পৃথিবীজুড়ে শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য অনুপ্রাণিত করে।
তবে, গুতেরেস উল্লেখ করেন, এই পবিত্র মাসে যখন শান্তি, সংহতি এবং মানবিকতা প্রতিষ্ঠার কথা বলা হয়, তখন পৃথিবীর অনেক স্থানেই সংঘাত, বৈষম্য, ক্ষুধা ও বাস্তুচ্যুতি মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান পর্যন্ত এবং তার বাইরেও লাখো মানুষের জীবন কষ্টে ভরা। তিনি বলেন, “মানবজাতির বহু মানুষের জন্য সেই আশা এখনো অনেক দূরের বিষয়, যারা প্রতিদিন যুদ্ধ, ক্ষুধা ও দুর্ভোগের শিকার।”
জাতিসংঘের মহাসচিব তার বার্তায় বলেন, বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা প্রতিষ্ঠা করতে রমজানের চিরন্তন বার্তা আমাদের সকলকে একত্রিত করার সুযোগ করে দেয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, প্রতি বছর তিনি এক মুসলিম সম্প্রদায়ের কাছে যান এবং তাদের সঙ্গে রোজায় আংশ গ্রহন করেন। এটি তাকে রমজানের শান্তি ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত করে এবং তিনি ফিরে এসে আরও সক্রিয়ভাবে মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন।
গুতেরেস আরও বলেন, এই পবিত্র মাসের বার্তা আমাদের সবার মধ্যে সহমর্মিতা ও ঐক্য গড়ে তুলুক, যাতে আমরা একত্রিত হয়ে মানবতার কল্যাণে কাজ করতে পারি। তিনি বিশ্ববাসীকে আহ্বান জানান, যেন তারা একসঙ্গে কাজ করে শান্তিপূর্ণ, উদার এবং ন্যায়ভিত্তিক একটি বিশ্বের পত্তন করতে পারে।
টিএইচএ/
