রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ?

by Abid

পবিত্র রমজান মাসে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা এলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় জনমনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মাধ্যমিক স্কুল বন্ধের আদেশে প্রাথমিকের বিষয়টি উল্লেখ না থাকায় রোজায় কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে যেতে হবে কি না, তা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) জানিয়েছে, তারা একটি সম্ভাব্য বার্ষিক ছুটির তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, চলতি বছরের বাৎসরিক ছুটির তালিকায় রমজান ও ঈদুল ফিতরসহ টানা ১৯ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার একটি প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রস্তাবনা অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকার কথা রয়েছে। তবে উচ্চ আদালতের সাম্প্রতিক নির্দেশনায় কেবল নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কথা উল্লেখ থাকায় প্রাথমিকের ছুটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয় চূড়ান্ত পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
banner

শিক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতা, তীব্র তাপদাহ ও শিক্ষকদের আন্দোলনের কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। শিক্ষার্থীদের সেই শিখন ঘাটতি পুষিয়ে নিতে এবার রমজানের প্রথম ১৫ থেকে ১৮ দিন পর্যন্ত স্কুল খোলা রাখার প্রাথমিক পরিকল্পনা করেছিল সরকার। কিন্তু রমজানে স্কুল খোলা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ফলে প্রাথমিকের বিশাল সংখ্যক শিক্ষার্থীর ছুটির বিষয়টি এখন ঝুলে আছে।

বর্তমানে সারাদেশে প্রায় সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি। রোজার মাসে দীর্ঘ সময় রোজা রেখে খুদে শিক্ষার্থীদের ক্লাসে আসা এবং তীব্র গরমে শিক্ষকদের দায়িত্ব পালন করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। এ কারণে অভিভাবক ও শিক্ষক সংগঠনগুলো শুরু থেকেই রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়ে আসছে। টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222