দীর্ঘ ২০ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার জমকালো শপথ অনুষ্ঠান। এরই মধ্যে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের ব্যক্তিগতভাবে টেলিফোনে আমন্ত্রণ জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় অভিজ্ঞ এবং নবীনদের সংমিশ্রণে একটি শক্তিশালী ‘টিম’ গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এবং চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক ফোন পেয়েছেন। বিশেষ করে ২০০১ সালের সরকারে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করা এহছানুল হক মিলনকে পুনরায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রশাসনে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। মঈন খান ও মিলনের পাশাপাশি আরও বেশ কয়েকজন সিনিয়র নেতা ও নতুন মুখও ডাক পেতে শুরু করেছেন বলে জানা গেছে।
এর আগে আজ মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী বিএনপির সংসদ সদস্যরা দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত এই জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তারা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’-এর সদস্য হিসেবে এখনো শপথ গ্রহণ করেননি, যা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। তবে বিকেল ৪টার শপথ অনুষ্ঠানের জন্য দক্ষিণ প্লাজায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করাবেন বলে আশা করা হচ্ছে।
টিএইচএ/
