এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী হোসনে আরা বেগম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচনে মাত্র ২৪৫ ভোট পেয়ে জামানত হারালেও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি নিজেই রাজপথে নেমেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইকে করে নিজ কণ্ঠে মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানান এই নারী প্রার্থী। হাতে মাউথপিস নিয়ে তাঁর এমন ব্যতিক্রমী কৃতজ্ঞতা জানানোর দৃশ্য এখন রাজনৈতিক অঙ্গনসহ শহরের অলিগলিতে, চায়ের দোকানে আলোচনার জন্ম দিয়েছে। পেশায় তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। এছাড়াও একটি স্থানীয় সংবাদপত্রের সহ-সম্পাদকও তিনি। এবারের নির্বাচনে ‘হরিণ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, জামালপুর-৫ আসনে বৈধ ভোট পড়েছে ৩ লাখ ২৩ হাজার ৫৬টি। স্বতন্ত্র প্রার্থী হোসনে আরার প্রাপ্ত ভোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারপরও প্রাপ্ত এই সামান্য ভোটকেই তিনি সাধারণ মানুষের বিশাল ভালোবাসা হিসেবে দেখছেন।
হরিণ প্রতীকের প্রার্থী হোসনে আরা বেগম বলেন, জয়-পরাজয় কোনো বড় বিষয় নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। তাই আমি নিজেই রাস্তায় নেমেছি ভোটারদের ধন্যবাদ জানাতে। আমি যে ভোট পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের ভোট পেয়ে আমি খুব আনন্দিত। আমি নির্বাচনে অংশ নিতে পেরে গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন, আমি তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।
এমএআর/
