মন্ত্রণালয়ে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে আনন্দ উল্লাস

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

নবগঠিত বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন
banner

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা।

শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “দেশ ও জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতকে আধুনিক এবং বিশ্বমানের করে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাব।” তার ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জামালপুরের কৃতি সন্তান ও নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকা জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সহ পুরো জেলায় আনন্দের বন্যা বয়ে যায়। তার নির্বাচনী এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ এবং আনন্দমিছিল করেন। এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় জেলার সামগ্রিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন জামালপুরবাসী।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদীর চেয়ে ৭৫ হাজার ৮৩৬ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত। ভোটের এই বিশাল ব্যবধানে বিজয়ী হওয়ার পর জাতীয় পর্যায়ে তার এই মূল্যায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222